সাভারে দুর্ঘটনায় শ্রমিক আহত ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

সাভারের সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত হওয়ার ঘটনায় ঢাকা সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে পোশাক কারখানার শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে প্রায় তিন ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক আটকে বিক্ষোভ করে শ্রমিকরা। গতকাল সোমবার সকাল ৮টার দিকে মহাসড়কের সালেহপুরের এ ঘটনায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পুলিশ জলকামান ব্যবহার করে ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আবুল হোসেন বলেন, সকালে আমিনবাজার এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের একটি ময়লাবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসাপাতালে ভর্তি করা হয়।

আবুল হোসেন জানান, ওই ঘটনা নিয়ে সিটি করপোরেশনের লোকজনের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে কারখানার অন্য শ্রমিকরাও এসে বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় সড়ক অবরোধ করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করি। কিন্তু প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরও রাস্তা না ছাড়ায় জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেওয়া হয়।