গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) ১৫ জন নেতাকর্মীকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার গতকাল এক বিবৃতিতে বলেন, উত্তরার দক্ষিণখানের ক্যাসিওপিয়া গার্মেন্টস লি. কমিটির সভাপতি ও গার্মেন্ট শ্রমিক টিইউসির উত্তরা আঞ্চলিক কমিটির নেতা মাসুদ রানা, নিপা ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিক ও টিইউসির কর্মী সাজু, লিটন, মাসুদ, সুমন, আবুল. মো. মাসুদসহ বিভিন্ন এলাকার ১৫ জন নেতাকর্মীকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। অবিলম্বে আন্দোলনরত শ্রমিকদের ওপর গ্রেপ্তার, দমন-পীড়ন বন্ধ করে ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এই দুই নেতা। তারা অভিযোগ করেন, গত চার দিনে উত্তরা, গাজীপুর এবং সাভার-আশুলিয়া এলাকায় একাধিক কারখানার শ্রমিক নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। স্থানীয় সন্ত্রাসীরা আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা ও বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন করেছে।