বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া সুরক্ষিত করতে কাজ শুরু করেছে মিয়ানমার। সেখানে কাঁটাতারের বেড়ায় ব্যবহৃত কাঠের খুঁটি পাল্টে আরসিসি খুঁটি স্থাপন করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে গতকাল সোমবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবির কক্সবাজার সেক্টরের অধিনায়ক কর্নেল এস এম বায়েজিদ দেশ রূপান্তরকে বলেন, সীমান্তের জিরো লাইনে তুমব্রু খালের পাশে কাঁটাতারের বেড়ায় পাকা পিলার বসাচ্ছে মিয়ানমার। এতে বাংলাদেশের অভ্যন্তরে তেমন কোনো প্রভাব পড়বে না। আজ দুপুরে (সোমবার) বিজিপিকে চিঠি দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তুমব্রু বাজার এলাকার এক বাসিন্দা বলেন, গত শনিবার থেকে খুঁটি পাল্টানোর কাজ শুরু করে বিজিপি। পরে বিজিবি কর্মকর্তাদের বিষয়টি জানানো হলে তারা এসে জায়গাটি পরিদর্শন করে গেছেন।