জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর সিলেট শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৭৮৬ জন শিক্ষার্থী তাদের খাতা পুনঃমূল্যায়নের আবেদন জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে। মঙ্গলবার থেকে খাতা পুনঃনিরীক্ষণ শুরু হয়েছে। আগামী ২৪ জানুয়ারি এর ফল জানানো হবে।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ দেশ রূপান্তরকে জানান, এবারের জেএসসির খাতা পুনঃমূল্যায়নের জন্য বাংলা প্রথমপত্রে ১২২৪টি, বাংলা দ্বিতীয়পত্রে ২টি, ইংরেজি প্রথমপত্রে ৯০৯টি, ইংরেজি দ্বিতীয়পত্রে ২৩টি, গণিতে ২৩৪৯টি, ইসলাম ও নৈতিক শিক্ষায় ৪২৩টি, হিন্দু ও নৈতিক শিক্ষায় ৫৫টি, বিজ্ঞানে ১০১৮টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৬৬৭টি, গার্হস্থ্য বিজ্ঞানে ১টি এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে ১১৫টি আবেদন জমা পড়েছে।
এবারের জেএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে মোট পাস করেছে ১ লাখ ১৯ হাজার ৬ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৮ জন। জিপিএ-৫ বঞ্চিত শিক্ষার্থীরাই মূলত খাতা পুনঃমূল্যায়নের আবেদন করেছে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড সূত্র।