ছবির নাম ‘শ্রীদেবী বাংলো’। সদ্য প্রকাশ হওয়ার টিজারের শেষে রয়েছে গোসলের ঘরের দৃশ্য। বাথটাবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। টিজারেও তেমনই দৃশ্য দেখা যাচ্ছে।
আর এই দৃশ্যটি নিয়েই অভিযোগ। বলা হচ্ছে, নির্মাতার সংবেদনশীলতা অভাব রয়েছে। এভাবে না দেখালেও পারতেন তিনি।
২০১৮ সালে চোখের ইশারায় গোটা ভারতের নজরে এসেছিলেন দক্ষিণী সুন্দরী প্রিয়া প্রকাশ ভারিয়ার। বাংলাদেশেও কম আলোচনা হয়নি।
প্রিয়া মূলত মালায়লাম অভিনেত্রী। প্রথম ছবিতে প্রিয়া পার্শ্ব চরিত্রে থাকলেও তিনিই হয়ে উঠেছিলেন মুখ্য আকর্ষণ। এবার তার অভিষেক হতে চলেছে হিন্দি ছবিতে।
‘শ্রীদেবী বাংলো’র এক মিনিট ৪০ সেকেন্ডের টিজার দেখে মনে হচ্ছে, ছবির গল্পের সঙ্গে প্রয়াত শ্রীদেবীর জীবনের সঙ্গে মিল রয়েছে।
সেখানে প্রিয়াকে সফল নারীর চরিত্রে অভিনয় দেখা যায়। বেশ হাসি-খুশি অবতার, আবার হঠাৎ-ই কি যেন দুঃখে অবসাদগ্রস্ত।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে বাথটাবে পড়ে মারা যান তিনি।
এদিকে ‘শ্রীদেবী বাংলো’র সঙ্গে প্রয়াত অভিনেত্রীর জীবনের কোনও মিল নেই বলে দাবি করেছেন ছবির প্রযোজক।
সিনেমাটি পরিচালনা করেছেন কেরালার প্রশান্ত মামবুলি। বাজেট প্রায় ৭০ কোটি রুপি। প্রিয়ার সঙ্গে আরো অভিনয় করেছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়।