কিশোরগঞ্জে শিক্ষক হত্যায় ৯ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলশিক্ষক সাহেদ আলী হত্যার দায়ে নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জ আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সহিদ মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়। মঙ্গলবার দুপুর একটার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আমিনুল হক, রতন মিয়া, রিপন মিয়া, নুর উদ্দিন, দুলাল মিয়া, মোস্তফা, রাশিদ, আবু সাহিদ ও নূর উদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৪ এপ্রিল বিকেলে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক সাহেদ আলী রিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে একই ইউনিয়নের পিপলাকান্দি গ্রামে নূর উদ্দিনের বাড়ির সামনের রাস্তায় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় আসামিরা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাহেদ আলীকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ২০ দিন পর ২৪ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের ছেলে মো. ফরিদ বাদী হয়ে ২০০৪ সালের ৯ এপ্রিল ১০ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে সাক্ষী জেরা করে মঙ্গলবার দুপুরে এ মামলার বিচারক আসামিদের উপস্থিতিতে রায় প্রদান করেন।