রক ব্যান্ড বাংলা ফাইভের প্রথম অ্যালবাম ‘কনফিউশন’। প্রকাশের জন্য দলটি বেছে নিয়েছে বিশেষ একটি দিন। ১৯.০১.১৯ তারিখে জাহাঙ্গীরনগরে অনুষ্ঠিতব্য হিম উৎসবে প্রকাশ হবে অ্যালবামটি। পাওয়া যাবে সিডি আকারে ও অনলাইনে।
প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যান্ড মিউজিশিয়ান মাকসুদুল হক (মাকসুদ ও ঢাকা)।
এক বছরের পরিশ্রমে প্রস্তুত হয়েছে বাংলা ফাইভের ‘কনফিউশন’। ব্যান্ডটির শুধু যন্ত্র বাজানো নয়, জোর দেয় গানের কথা, বক্তব্য ও শব্দচয়নে।
অ্যালবামে থাকছে চারটি গান- কনফিউশন, বাবা মায়ের পকেট, মনে করো ও সন্ধ্যা নামায়ে রাখি। গানগুলো মানুষের ভেতরকার মানসিক দ্বন্দ্ব, মধ্যবিত্তের সংকট, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে রচিত।
অডিও প্রকাশের পাশাপাশি বাংলা ফাইভ প্রকাশ করবে দুটি মিউজিক ভিডিও ‘মনে করো’ (পরিচালনায় কারিশমা চৌধুরী) ও ‘কনফিউশন’ (পরিচালনায় মৃৎ মন্দির রায়)।
অ্যালবামের গানগুলো পাওয়া যাবে ইউটিউব চ্যানেল সিনা হাসান অ্যান্ড বাংলা ফাইভ এবং ফেসবুক চ্যানেল বাংলা ফাইভ ব্যান্ড ও ওয়েবসাইট বাংলাফাইভ ডটকমে। অ্যালবাম ছাড়াও তাদের বিভিন্ন স্যুভেনির প্রোডাক্ট- ক্যাপ, টিশার্ট, স্টিকারও পাওয়া যাবে। কলকাতার ক্যাফে কবীরা ও নেপালের ঘারেলু আর্টসে ‘কনফিউশন’ ও স্যুভেনির পাওয়া যাবে।
প্রথম অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ (২০১৬) প্রকাশের পর ভালো সাড়া পেয়ে ব্যান্ড গড়েন সিনা হাসান। সঙ্গে যোগ দেন গিটারিস্ট অনিক, বেজিস্ট রাফিন ও ড্রামার মেহেদী। দেশ ও দেশের বাইরে পরিবেশনা করতে থাকেন। পরিচিতি ছড়ায় ভারত ও নেপালে।
এ দিকে হিম উৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠানে সকাল থেকে পরিবেশনায় থাকবে ত্রিশটি ব্যান্ড। এর মধ্যে শহরতলী, সহজিয়া, কফিল আহমেদ, কৃষ্ণপক্ষ ও অবান্তর উল্লেখযোগ্য।