পুনরায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয় ও সালমান, কে হবেন তথ্য উপদেষ্টা?

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক এবং সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়কউপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত সরকারের সময়ও এ দুজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন।

গতকাল মঙ্গলবার এই দুই উপদেষ্টার নিয়োগে পৃথক প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

সজীব ওয়াজেদ জয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এই নিয়োগ দিয়েছেন। এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন।

গত সরকারের সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তার আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা সালমান এফ রহমানের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগ অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত সরকারের সময়ও বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টাকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

তারা হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

এর ফলে সাংবাদিক নেতা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ছাড়া গত সরকারের সময়কার প্রধানমন্ত্রীর সব উপদেষ্টারা নিয়োগ পেলেন। তিনি প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ছিলেন। ওই পদে এখনো কোনো উপদেষ্টা নিয়োগ দেননি প্রধানমন্ত্রী।