বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টার শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন পুনঃনিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ উপদেষ্টা। গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর ওই পাঁচ উপদেষ্টা হলেন রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। শ্রদ্ধা নিবেদন শেষে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, ‘আগামীতে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে গুড গভর্ন্যান্স। সুশাসন প্রতিষ্ঠা, মাদক নির্মূল ও দুর্নীতি দূর করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।’