উবার রাইড শেয়ারে আলোচিত শাহনাজের বাইক ছিনতাই

রাইড শেয়ারিং অ্যাপ উবার চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নারী শাহনাজ আক্তারের বাইকটি ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের বিপরীত দিকে রাজধানী স্কুলের সামনে থেকে তার বাইকটি নিয়ে যায় এক ছিনতাইকারী।

এ বিষয়ে শাহনাজ আক্তার বলেন, ‘ঋণ করে স্কুটিটি কিনেছিলাম। এই স্কুটিটি দিয়েই চলত আমার সংসার। আজ সেই সম্বলটাও ছিনতাই হয়ে গেল। জানি না, কীভাবে এই ধাক্কা সামাল দেব।’ জনি নামে অপর এক উবার চালক তার বাইকটি ছিনতাই করেছেন বলে দাবি করেন শাহনাজ। তিনি নীল রঙের একটি মাহিন্দ্র স্কুটি চালাতেন, যার নম্বর ঢাকা মেট্রো-হ-৫৫-২৯৪৭।

বাবা না-থাকা শাহনাজ স্বামীর সঙ্গে থাকেন না। মা আর দুই মেয়ের সংসার তাকেই টানতে হয়। তার বড় মেয়ে নবম ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

শেরেবাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার ও বাইকটি উদ্ধারের চেষ্টা চলছে।