ধুনটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম বিএনপি কর্মী আটক

সংসদ নির্বাচনের জের ধরে বগুড়ার ধুনটে আনিছুর রহমান (২৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে বিএনপির নেতাকর্মীরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার বানিয়াগাতি গ্রামের মহসীন আলমের ছেলে এবং মহিশুরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বানিয়াগাতি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই বোরহানউদ্দিন (২০) নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক বোরহানউদ্দিন উপজেলার মহিশুরা গ্রামের আবদুল মজিদের ছেলে এবং স্থানীয় বিএনপির কর্মী। থানা পুলিশ ও এলাকাবাসী জানান, নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের সঙ্গে গোপালনগর ইউনিয়ন বিএনপির সদস্য বেলাল হোসেনের বিরোধ দেখা দেয়। ওই বিরোধে নির্বাচনের আগের দিন বিকেলে বানিয়াগাতি বাজারে আওয়ামী লীগ নেতা আনিছুর ও তার লোকজন বেলাল হোসেনকে মারধর করে। তার জের ধরে সোমবার রাতে আনিছুরের ওপর হামলার ঘটনা ঘটে। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।