দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আবু বকর চৌধুরীর দ্বিতীয় জানাজা শেষে বিকেলে আজিমপুর কবরস্থানে তার বাবার কবরে দাফন করা হয়। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবু বকরের মৃত্যুতে শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (উভয় গ্রুপ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজেসহ (উভয় গ্রুপ) অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি।
আবু বকর চৌধুরী ১৯৬৪ সালের ২১ জুন ঢাকার গ্রিন রোডে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হালিম চৌধুরী ও মা রাজিয়া খাতুন। ৯ ভাই-বোনের মধ্যে তিনি ষষ্ঠ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যয়ন’ পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন আবু বকর। একে একে ‘সাপ্তাহিক খবর’-এর নির্বাহী সম্পাদক, ‘আজকের কাগজ’-এ সহযোগী সম্পাদক, ‘আমাদের সময়’-এর প্রধান বার্তা সম্পাদক, ‘সকালের খবর’ ও ‘সমকাল’ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি ‘মানবকণ্ঠ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।