ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আজ বিপিএলের সিলেট পর্ব শুরু করছে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ মাথায় নিয়ে। পাঁচ ম্যাচের তিনটি হেরে বিপদে তারা। আরেকটি হার নিজেদের ভাগ্যের অনেকটাই অন্যদের হাতে তুলে দিতে পারে।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ মাশরাফী-গেইলদের প্রতিপক্ষ স্বাগতিক দল সিলেট সিক্সার্স। দিনের প্রথম ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে।
ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জয় করার ইতিহাস আছে রংপুরের। গেল বিপিএলে প্রথম ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচ হেরেছিল। তারপর আরও হেরেছিল। কিন্তু শেষে সমান ছয়টি করে জয়-পরাজয়ে চতুর্থ দল হিসেবে কোয়ালিফায়ারে উঠেছিল। তারপর দুর্ধর্ষ হয়ে উঠে প্রথমবারের মতো জিতেছিল বিপিএলের শিরোপা।
এবারের আসর হার দিয়ে শুরু হলেও পরের দুটি ম্যাচ জিতল রংপুর। তারপর টানা দুটি হার প্রায় জেতা ম্যাচে। গতকাল দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে রংপুরের ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল অবশ্য খুব চাপের কথা স্বীকার করলেন না, ‘ভালোই তো সব। কেবল শুরু। এখনো আমাদের ছয়-সাতটা খেলা বাকি। কাছে গিয়েও হারা অবশ্য আদর্শ ব্যাপার না। কিন্তু এসব আবার ওরকম পরিস্থিতিতে পড়লে ভালো করার অবস্থায় তো নিয়েছে।’ আরও আত্মবিশ্বাস নিয়ে বললেন, ‘এখানে দুটি খেলাই সিলেটের বিপক্ষে। দুটিই জিততে চাই আমরা। তাতে ভালো একটা অবস্থায় চলে যাব।’ আজকের ম্যাচে না পেলেও শনিবারের ম্যাচ থেকে এবি ডি ভিলিয়ার্সকে পাচ্ছে রংপুর।