সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অভিযান ভালো ভাবেই শুরু করলেন নোভাক জকোভিচ। গতকাল ২৩০ নম্বর র্যাংকিংয়ে থাকা আমেরিকান মিচেল ক্রুয়েগারকে ৬-৩, ৬-২, ৬-২-এ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি। এটা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জকোভিচের টানা ১৩ বার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পা রাখা ।
রডলেভার অ্যারেনায় গতকালের ম্যাচটি ছিল জকোভিচের ৩০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ। খুব সহজেই গ্রান্ড স্ল্যামে ২৫৯তম জয়টি তুলে নিয়েছেন সার্বিয়ান তারকা। ২০১৮ সালের জুনে তিনি ছিলেন পুরুষ এককে র্যাংকিংয়ের শীর্ষ বিশের বাইরে। এরপর তার উত্থানের শুরু। জিতেছেন উইম্বলডন এবং ইউএস ওপেন। ফলে গত বছরের নভেম্বরে র্যাংকিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেন তিনি।
মেয়েদের এককে গতকাল প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামসও। গতকাল তিনি তাতজান্না মারিয়াকে ৬-০, ৬-২ এ হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠেন।