প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় দায়িত্ব গ্রহণ করায় কিউবার প্রেসিডেন্ট, পোল্যান্ডের প্রধানমন্ত্রী এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীসহ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধান তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বেটমুডেজ বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন।’ কিউবার নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার ব্যাপারে তার আগ্রহ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী মেটিউৎজ মোরাউইসকেল বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই এবং এই সম্মানিত ও দায়িত্বশীল পদে আপনার সাফল্য কামনা করি।’ তিনি আশা প্রকাশ করেন, গতিশীলভাবে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে, যা অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে পরিণত হবে। শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেস ব্যাবিস বলেন, ‘বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি গুরুত্ব দিই। আমি বিশ্বাস করি, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।’ বাসস।
নেপালের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ : নেপালের বিদায়ী রাষ্ট্রদূত ড. চোপ লাল ভূশাল ও তার সহধর্মিণী গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন। ড. ভূশাল তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি ধন্যবাদ জানান। বিশেষ করে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে জলবিদ্যুৎ এবং যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানিতে আগ্রহী। তিনি বলেন, আসন্ন ব্যবসায়িক সম্মেলনে নেপাল থেকে বাংলাদেশের ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টি প্রাধান্য পাবে।
শেখ হাসিনা বৈঠকে নেপালকে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে দেওয়ার প্রস্তাব পুনরুত্থাপন করেন। কেননা এটি এরই মধ্যে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে তৈরি করা হয়েছে এবং পূর্ব নেপাল থেকে আকাশপথে বিমানবন্দরটির দূরত্ব মাত্র ২০ মিনিটের পথ। সড়ক যোগাযোগ উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের লক্ষ্যে সড়ক যোগাযোগ উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাসস।