কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি হোটেলে বোমা বিস্ফোরণ ও গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ডুসিট হোটেল ভবনে এ হামলা হয়। এর দায় স্বীকার করেছে সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল শাবাব।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, হামলার পর প্রাণ বাঁচাতে ছুটতে দেখা যায় ওই ভবনের বিভিন্ন দপ্তরের কর্মীদের। অন্য অনেকে তাদের ডেস্কের নিচে লুকিয়ে ছিলেন।
ঘটনার পর স্থানীয় পুলিশ কর্মকর্তা ‘সন্ত্রাসী হামলা’ চলমান থাকার বিষয়ে সতর্ক করেন। হামলাকারীরা তখনো ভবনের ভেতর অবস্থান করছিল। নিজ ট্যাক্সি চালকের কাছে ওই হামলার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সার্জ মেডিক। কেনিয়ায় কর্মরত সুইজারল্যান্ডের এ নাগরিক জানান, হামলায় হোটেলের প্রধান দরজা উড়ে যায়। কাঁধ থেকে বিচ্ছিন্ন একজনের হাত রাস্তায় পাওয়া যায়।
মেডিক জানান, সশস্ত্র অবস্থায় এক পুলিশ ও সেনাবাহিনীর দুই সদস্যকে সঙ্গে নিয়ে ভবনটিতে প্রবেশ করেন তিনি। তাদের লক্ষ করে গুলি ছোড়ায় পিছু হটতে বাধ্য হন। ওই সময় হোটেলের লবিতে অবিস্ফোরিত একটি গ্রেনেড পড়ে ছিল। তিনি রয়টার্সকে বলেন, ‘একজন বলেছেন, তিনি মাথায় কাপড় পরা ও গুলির বেল্ট পরা সশস্ত্র দুজনকে দেখেছেন।’