সল্লুর জন্য শুটিং সেটেই ১০ হাজার বর্গফুটের জিম!

বলিউড সুপারস্টার সালমান খান এখন ব্যস্ত ‘ভারত’ সিনেমার শুটিং নিয়ে। এতে বডি ফিটনেস ধরে রাখার জন্য সালমানকে সিনেমা সেটেই জিম বানিয়ে দিয়েছেন পরিচালক। শুধু তাই নয়, ১০ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে এ জিম।

এনডিটিভি জানায়, জিমের জন্য রোজ গোরগাঁও থেকে বান্দ্রা যেতে হয় ৫৩ বছর বয়সী এ অভিনেতাকে। এতদূর পথ যাতায়াতে সালমানের অনীহা দেখে সিনেমার প্রযোজক অতুল অগ্নিহোত্রী এবং নিখিল নামিত তার জন্য সিনেমাটির সেটেই জিম তৈরি করে দিয়েছেন।

মূলত সল্লুই চেয়েছিলেন শুটিং সেটে বিশাল একটা জিম বানানো হোক। এজন্য নিজস্ব জিম লাইন থেকে সব যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।

নিখিল নামিত বলেন, ‘আমরা ভারতের সেটেই সালমানের জিম লাইন থেকে সরঞ্জাম দিয়ে ১০,০০০ বর্গফুট ফুট জিম তৈরি করেছি। সিনেমার কাস্ট এবং ক্রুরাও এটি ব্যবহার করবে।’

সালমানের নিজের হাতে বাছাই করা যন্ত্রপাতি দিয়ে অত্যাধুনিকভাবে জিমটি গড়ে তোলা হয়েছে। এটির নির্মাণে সময় লেগেছে এক সপ্তাহ।

আলি আব্বাস জাফরের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘ভারত’। এর আগে তার ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ‘সুলতান’ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান। ভারতে ক্যাটরিনা কাইফও থাকছেন তার বিপরীতে। এ সিনেমায় পাঁচটি ভিন্নরূপে দেখা যাবে এ বলিউড নায়ককে। এ বছর ঈদে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।