কিলিয়ান এমবাপের মাঝে নিজের ছায়া দেখছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। তিনবার বিশ্বকাপ জেতা সাবেক এই খেলোয়াড়ের বিশ্বাস, ফ্রান্সের তরুণ এই ফরোয়ার্ডই হবে নতুন পেলে!
ফ্রান্সের হয়ে গত বছর রাশিয়া বিশ্বকাপ জয়ের পর থেকে পেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত দারুণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠেছে এমবাপের। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছিলেন পেলে। সবচেয়ে কম বয়েসে বিশ্বকাপ জেতার রেকর্ডটা এখনও তার দখলে।
রাশিয়া বিশ্বকাপের সময় এমবাপের বয়স ছিল ১৯। পেলের পর সবচেয়ে কম বয়সী হিসেবে বিশ্বকাপ জেতা খেলোয়াড় হলেন এই ফরোয়ার্ড। ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটিও জিতে নেন সদ্য কুড়ি বছরে পা রাখা এমবাপে। বিশ্বকাপ জয়ের থেকেই পেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তার।
পিএসজি তারকা এমবাপে কোনো একসময় ফুটবলে সর্বকালের সেরাদের কাতারে জায়গা করে নেবে বলে দৃঢ় বিশ্বাস পেলের।
“আমি এরই মধ্যে গত মৌসুমে কিলিয়ানের প্রশংসা করেছি, বলেছি- সে বড় মাপের একজন খেলোয়াড়। দুই-তিন বছর আগে কেউ কেউ তাকে নেইমারের সঙ্গে তুলনা শুরু করেছিল। ওই সময়ই আমি তাকে লক্ষ্য করেছিলাম। ১৯ বছর বয়সে সে বিশ্বকাপ জিতেছে, আমি জিতেছিলাম ১৭ বছর বয়সে।”
“আমি তখন হাসির ছলে বলেছিলাম, সে প্রায় আমার সমপর্যায়ে চলে এসেছে। আমি মনে করি, সে নতুন পেলে হতে পারবে! অনেক মানুষ ভাবতে পারে, আমি এটা মজা করে বলি। কিন্তু না, এটা মজা না।”