ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিত চেয়ে করা তিনটি রিটের স্থগিতাদেশ ও রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে এই নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।
বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর যুগ্ম-বেঞ্চ এ সংক্রান্ত তিনটি রিটের প্রেক্ষিতে স্থগিতাদেশ জারি করে দেওয়া রুল খারিজ করে দেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী কাজী মাইনুল হাসান জানান, আজ নির্ধারিত দিনের রুলের শুনানিতে রিটকারী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত এর আগে জারি করা তিনটি রুল খারিজ করে দিয়েছেন।
তিনি বলেন, যেহেতু রিটকারী আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না, তাই তারা আপিলের সুযোগ পাবেন না। এই আদেশের ফলে ডিএনসিসির নির্বাচন হতে বাধা নেই।
ডিএনসিসির সীমানা জটিলতা ও ভোটার সমস্যার কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত চেয়ে তিনটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০১৮ সালের ১৭ জানুয়ারি নির্বাচনে স্থগিতাদেশ দিয়ে তিনটি রুল জারি করেছিলেন।
মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী নির্বাচন কমিশন গত বছরের ৯ জানুয়ারি এ পদে উপ-নির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।