কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে

কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে আগুন দিয়ে আটজনকে হত্যা মামলার চার্জগঠন ও জামিন আবেদনের শুনানি রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে পিছিয়েছে। আগামী তারিখ পরবর্তীতে দেওয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী।

বুধবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আকবরের আদালতে এ মামলার চার্জগঠন ও জামিন শুনানির জন্য নির্ধারিত তারিখ ছিল।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু জানান, মামলার চার্জগঠন ও জামিন আবেদনের  শুনানির জন্য আজ (বুধবার) নির্ধারিত তারিখ ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে যায়। আদালতের বিচারক তাৎক্ষণিক কোনো তারিখ না দিয়ে পরবর্তীতে দেওয়া হবে বলে জানান।

বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ করে পেট্রলবোমা নিক্ষেপ করে।

এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।