সব জঙ্গি নিহত, হোটেল ‘মুক্ত ঘোষণা’ কেনিয়ার

কেনিয়ার হোটেলে হামলাকারী সব জঙ্গিকে হত্যা করে ১৯ ঘণ্টা পর এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির প্রশাসন। প্রেসিডেন্ট উহুরু কেনিতের বরাত দিয়ে এমন খবর দিয়েছে বিবিসি।

নাইরোবির বিলাসবহুল ‘ডিউসিটডি২’ হোটেলে মঙ্গলবার হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আলশাবাব। তাতে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

কতজন জঙ্গি হামলা চালিয়েছে সেটি এখনো জানা যায়নি।

কেনিয়ার প্রেসিডেন্ট জাতির উদ্দেশে ভাষণে বলেন, ‘নিরাপত্তা অভিযান শেষ হয়েছে বলে আমি নিশ্চিত করছি। সব জঙ্গিকে হত্যা করা হয়েছে।’

প্রেসিডেন্ট জানান, হামলায় ১৪ জন নিহত হলেও প্রায় ৭০০ মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কেনিয়ার রেড ক্রস অবশ্য বলছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক এবং একজন ব্রিটিশ নাগরিক আছেন।

২০১৫ সালেও কেনিয়ায় ভয়াবহ হামলা চালায় আলশাবাব গোষ্ঠী। ওই বছর ৩ এপ্রিল দেশটির উত্তর-পূর্বের সোমালিয়া সীমান্তে একটি বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা ভোরে ক্যাম্পাসে প্রবেশ করে এবং ছাত্র-ছাত্রীদের জিম্মি করে। মারা যান ১৪৭ জন।