ফৌজদারহাটে তেলের ডিপোয় আগুনে কোটি টাকা লোকসানের আশঙ্কা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাটা এলাকায় একটি তেলের ডিপোয় আগুন লেগেছে। বুধবার দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

তারা জানায়, আগুন নিটল টাটা কোম্পানির গাড়ির ওয়ার্কশপে এবং বড়তাকিয়া মোটরস নামে আরো একটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ অফিস সংলগ্ন মোস্তাকিমের মালিকানাধীন কালো তেলের ডিপো থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন এর চারটি ইউনিটের ১২টি গাড়ি এবং নৌবাহিনীর একটি ইউনিট যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে স্থানীয় সাংসদ দিদারুল আলম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, ওসি দেলোয়ার হোসেন এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জসীম উদ্দীন দেশ রূপান্তরকে জানান, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ১২টি গাড়ি আগুন নেভাতে ছুটে যায়। আমরা কাজ করে যাচ্ছি। এখনো থেকে থেকে আগুন জ্বলে উঠছে’।

প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি জানান, দুপুর ২টায় খবর পেয়ে আগ্রাবাদ বন্দর, কুমিরা ফায়ার স্টেশনের গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জসীম উদ্দীন আরো জানান, ডিপোটি জাহাজের পরিত্যক্ত তেলের। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।