চট্টগ্রামের ফটিকছড়িতে প্রশাসনসহ সবার চোখ ফাঁকি দিয়ে তানহা (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে দেয়া হয়েছে। বুধবার উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল গ্রামের চুরখাঁহাট বাজারের পাশে বশিউল্লাহ সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, তানহা সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বার বছর বয়সী তানহা ষষ্ঠ শ্রেণি শেষ করে সবেমাত্র সপ্তম শ্রেণিতে ভর্তি হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানে আলম বিষয়টি অবগত হন। তিনি বিয়ে বন্ধে কার্যকর কোন ব্যবস্থা নিতে না পারায় বুধবার বিকেলে গোপনে শিশুটিকে স্বামীর হাতে তুলে দেয় কনের পরিবার।
এ ব্যাপারে সুয়াবিলের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা নেজাম উদ্দীন বলেন, 'বিয়েটা আমি রেজিস্ট্রি করিনি। বয়স কম হওয়ায় তারা গোপনে অন্য কোথাও আনুষ্ঠানিকতা সেরেছেন।'