নাটোরের বাগাতিপাড়ায় ইটের আধলা নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল সাজ্জাদ হোসেন সজল (১৬) নামের এক ছাত্রের। সে উপজেলার দয়ারামপুরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র এবং একই উপজেলার জয়ন্তিপুর গ্রামের আব্দুল লতিফ শাহের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় সজল। এরপর স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সজলের মৃত্যু হয়।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রবিউল আহসান মোবাইল ফোনে বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মঙ্গলবার ছাত্রদের গ্রুপ করার জন্য মাপজোখ চলছিল। সে সময় স্কুলের মাঠের পাশে আমতলার দিকে তারা (সজল) কয়েকজন বন্ধু মিলে ইটের আধলা নিয়ে গোলক নিক্ষেপের খেলার মতো করে খেলছিল। সে সময় একটি আধলা সাজ্জাদ হোসেন সজলের ডানদিকের কানের পাশে লাগে। ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে দ্রুত নিকটস্থ মজুমদার ক্লিনিকে তাকে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে সজলের প্রথম জানাজা নামাজ হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।