বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পঞ্চম প্রয়াণ দিবস আজ। দীর্ঘদিন স্বেচ্ছায় লোকচক্ষুর আড়ালে থাকার পর ২০১৪ সালের ১৭ জানুয়ারি পৃথিবীর পর্দার অন্তরালে চলে যান তিনি চিরকালের জন্য। আজও অমøান সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্রের চিরসবুজ এই মহানায়িকার স্মৃতির পরশ পেতে প্রতিদিনই তার পৈতৃক ভিটা পাবনায় ভিড় করেন ভক্ত-দর্শনার্থীরা। দেশ-বিদেশের হাজারো ভক্তের প্রত্যাশা পূরণে সংগ্রহশালার পরিসর বৃদ্ধি করে পূর্ণাঙ্গ সংস্কৃতিকেন্দ্রে রূপ দেওয়ার দাবি করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।
সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ পাবনার সভাপতি জাকির হোসেন জানান, মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি যে পাবনায়Ñ স্বাধীনতা পরবর্তী সময়ে তা জানা ছিল না অনেকেরই। এ অজ্ঞতার সুযোগে সুকৌশলে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি দখলে নেয় জামায়াত নেতা যুদ্ধাপরাধী আব্দুস সুবহান। গণমাধ্যমের সংবাদে বিষয়টি জানাজানি হলে জেলার সর্বস্তরের মানুষের আন্দোলনে বাড়িটি উদ্ধারের উদ্যোগ নেয় সরকার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বাড়িটি দখলমুক্ত করে স্বল্প পরিসরে সেখানে স্মৃতি সংগ্রহশালা গড়েছে জেলা প্রশাসন। তবে এতে স্থানীয় সংস্কৃতিকর্মীদের প্রত্যাশা পূরণ হয়নি।