প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করবেন আজ

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী আর প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন।  এই মন্ত্রণালয়সহ ছয় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী। নতুন সরকার গঠনের পর তিনি আজ প্রথম সচিবালয়ে যাচ্ছেন। এই নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

এ ব্যাপারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দেশ রূপান্তরকে জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় মন্ত্রণালয় পরিদর্শন করেন। আগামী ২১ ও ২৩ জানুয়ারি তিনি আরও দুটি মন্ত্রণালয় পরিদর্শন করবেন।’

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী সকালে কর্মকর্তাদের পদোন্নতিসহ বিভিন্ন নথি, প্রকল্প ও ১০০ দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। এসব বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনাও দেবেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিয়ে প্রতিটি মন্ত্রণালয়ে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করছে। সেসব কর্মসূচিসহ মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রমের খোঁজখবরও নেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সচিবালয় এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।