আগামী ৮ এপ্রিল নরওয়েতে অনুষ্ঠেয় বিশ্ব আলোকচিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের ১৩ জন। গতকাল বুধবার রাজধানীর দৃক গ্যালারিতে এক অনুষ্ঠানে ১৩ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। ছয় ক্যাটাগরিতে জমা হওয়া সাড়ে তিন হাজার ছবি থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ১১০টি ছবি ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপে প্রদর্শিত হবে।
বাংলাদেশের অংশগ্রহণকারীরা হলেন কমার্শিয়াল ক্যাটাগরিতে আরিফ রাজ, আবেদ ও সিফাত পাঠান, ডিজিটাল আর্ট ক্যাটাগরিতে রেজওয়ানা সামী, ন্যাচার ক্যাটাগরিতে নাফিউল নিটোল, হিমেল আবির, নুবায়েত হাসান প্রত্যয়, পোট্রেইট ক্যাটাগরিতে মো. নাহিদ আজিজ ও মিয়াদ মাসুদ, ফটোজার্নালিজম ক্যাটাগরিতে মো. খাইরুল ইসলাম, ওয়েডিং ক্যাটাগরিতে অপু, শাহরিয়ার নবী নেওয়াজ ও রাজন দে।
১১ জনকে নবাব সলিমুল্লাহ পদক
এবারের নবাব স্যার সলিমুল্লাহ পদক পেয়েছেন কামাল লোহানী (সংস্কৃতি ও সংগ্রাম), অনুপম হায়াৎ (চলচ্চিত্র), আজিজুল ইসলাম ভূঁইয়া (সাংবাদিকতা), সালেহা আজিজ (শিক্ষা), ড. মুহাম্মদ আলমগীর (নবাব সলিমুল্লাহ গবেষণা), ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান (স্বাস্থ্যসেবা), বিপদ ভঞ্জন সেন কর্মকার (চিত্রকলা), ফারুক নওয়াজ (কবিতা ও শিশুসাহিত্য), আবদুল রাজ্জাক খান (সমাজসেবা), তাহনাহার মিলি (সমাজসেবা) ও মফিজুর রহমান (সমাজসেবা)।
নবাব স্যার সলিমুল্লাহর ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা গ্রন্থকানন। এতে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।