সিরিয়ায় বিস্ফোরণে সেনাসহ ৪ মার্কিন নাগরিক নিহত

সিরিয়ায় এক বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের দুই সৈন্য সহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে আরও দুই মার্কিন নাগরিকও আছে। বুধবার উত্তর সিরিয়ার মানবিজ শহরের অদূরে মার্কিন জোটের ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় দুই মার্কিন সৈন্য, পেন্টাগনের একজন কর্মকর্তা ও একজন ঠিকাদার নিহত হয়েছে। স্থানীয় সূত্রে আলজাজিরা জানায়, এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।  

সিরিয়ায় মার্কিন সৈন্য প্রত্যাহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক মাসেরও কম সময়ের মধ্যে এ হামলা চালালো ইসলামি জঙ্গি সংগঠন আইএসআইএল। এটি মূলত ইরাকসহ ভূমধ্যসাগর কেন্দ্রিক অঞ্চলসমূহের  আইএসআইএস এর আলাদা কার্যক্রম।

আইএসআইএল ঘনিষ্ট একটি ওয়েবসাইট থেকে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি। এতে জানানো হয়, এক হামলাকারী শহরের এক রেস্টুরেন্টের কাছে এ হামলা চালিয়েছে।

সিরিয়াতে আইএসআইএলকে দমন করা হয়েছে বলে দাবি করে ট্রাম্প দেশটি থেকে দুই হাজার মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। তার এ দাবিকে অসাড়তা প্রমাণ করতেই মূলত এ হামলা চালানো হয় বলে ওয়েবসাইটটি জানায়।