একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ নেওয়ার বৈধতাকে প্রশ্ন করে দায়েরকৃত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। সে অনুযায়ী বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এই সিদ্ধান্ত আসে।
আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও সাকিব মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয় এ রিটে।
এর আগে সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে গত ৮ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ওই নোটিশে বলা হয়, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। কিন্তু সংবিধানের ওই অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে এবং এটি সংবিধান পরিপন্থী। নোটিশের জবাব না পাওয়ায় রিট আবেদনটি করা হয় বলে জানান খন্দকার মাহবুব হোসেন।