অলিখিত ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে ভারত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষে এখন ১-১ এ সমতা। শুক্রবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে দুই দল। মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটি আক্ষরিক অর্থে অঘোষিত ফাইনাল।

ভারতের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হারা অস্ট্রেলিয়া চাইবে অন্তত ওয়ানডে সিরিজটি নিজেদের করে নিতে। অন্যদিকে টেস্টের পর ওয়ানডে সিরিজও নিজেদের করতে মরিয়া বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৩৪ রানে হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় অতিথিরা। অ্যাডিলেডে অধিনায়ক বিরাট কোহলির ৩৯তম ওয়ানডে শতক এবং মহেন্দ্র সিং ধোনির অপরাজিত অর্ধশতকে ৬ উইকেটের জয় পেয়েছিল ভারতীয়রা। সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দুই দল। ভারতের বিপক্ষে তাই একটা ট্রফি পাওয়ার শেষ সুযোগ অজিদের।

সিরিজ জয়ের লক্ষ্যে দলে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। নাথান লায়ন ও জেসন বেহরেনডর্ফের জায়গায় অ্যাডাম জাম্পা ও বিলি স্ট্যানলেককে দলে নিয়েছে তারা।

ওয়ানডে সিরিজটিও জিতলে ভারত অস্ট্রেলিয়া থেকে এই সফরে কোনো সিরিজ না হেরে ফিরবে। অস্ট্রেলিয়া সফর শেষ করে সেখান থেকেই নিউজিল্যান্ড পাড়ি দেবে ভারত।