জামালপুরের মেলান্দহে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে সকাল ১০টায় রেখিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা হয়। এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ুবিষয়ক সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলসহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
সাংবাদিক আমানুল্লাহ কবীর গত মঙ্গলবার রাত ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতার কারণে দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গত বুধবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে নেওয়ার আগে জামালপুর প্রেস ক্লাবে আনা হয় আমানুল্লাহ কবীরের মরদেহ। সেখানে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।