ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম রাজু (২১)। তিনি রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন।
এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম রাজু নিহত হন। বাকিরা পালিয়ে আসেন।
বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহা. মাসুদ জানান, তিনি সংবাদটি পেয়েছেন। ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।