পরাজিতদের অক্সিজেন দেওয়ার চেষ্টায় টিআইবি: তথ্যমন্ত্রী

নির্বাচন নিয়ে পর্যালোচনা প্রতিবেদন দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি পরাজিতদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এমন মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে পরাজিতদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে টিআইবি। পর্যবেক্ষক না হয়েও পরবর্তীতে তারা যে প্রতিবেদন দিয়েছে, তাতে বিএনপি-জামায়াতের বক্তব্যের প্রতিফলন আছে।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনের ৩০০টি আসনের মধ্যে দৈবচয়নের মাধ্যমে ৫০টি আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যালোচনা করে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

এরমধ্যে ৪৭টি আসনেই কোনো না কোনো অনিয়ম হয়েছে দাবি করে বেসরকারি সংস্থাটি জানায়, জালভোট পড়েছে ৪১ আসনে। ৩৩ আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে।

এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়ে হাছান মাহমুদ বলেন, বিশাল পরাজয়ের পর নিজেদের মুখ রক্ষা এবং রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই ঐক্যফ্রন্ট জাতীয় সংলাপের নাটক করছে।