উগ্রপন্থী করনি সেনার বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনলেন ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার নায়িকা ও অন্যতম পরিচালক কঙ্গনা রনৌত। তিনিও জানিয়ে দিলেন, বাড়াবাড়ি করলে সবাইকে দেখে নেবেন।
সিনেমাটিতে রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী বিকৃতি করার অভিযোগ এনে প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকারের কাছে চিঠি পাঠায় করনি সেনা।
তাদের আশঙ্কা সিনেমায় এক ব্যারিস্টারের সঙ্গে প্রেম করতে দেখা যাবে ঝাঁসির রানিকে। যদি এমন কিছু দেখানো হয় তবে কঠোর প্রতিরোধের সম্মুখীন হতে হবে।
এর আগে দলটির প্রতিরোধের সম্মুখীন হয় সঞ্জয়লীলা বানসালির সিনেমা ‘পদ্মাবত’। তবে মুক্তির পর দেখা যায় সিনেমাটিতে উল্টো আলাউদ্দিন খিলজিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তখন ‘পদ্মাবত’-এর পক্ষে সাফাই দেয় করনি সেনার নেতারা।
‘মনিকর্নিকা’ নিয়ে এমন চিঠিকে হয়রানি হিসেবে দেখছেন কঙ্গনা। তিনি পাল্টা করনি সেনাকে দেখে নেওয়ার হুমকি দিলেন।
একটি অনলাইন পোর্টালের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায় কঙ্গনা বলছেন- চারজন ইতিহাসবিদ সিনেমাটির গল্প সত্যায়িত করেছেন। সেন্সর বোর্ডও ছাড়পত্র দিয়েছে। কিন্তু করনি সেনা একই বিষয় নিয়ে ক্রমাগত হয়রানি করে যাচ্ছে।
কঙ্গনা সাফ জানিয়ে দিলেন, তিনি নিজেও একজন রাজপুত। এসব বন্ধ না করলে সবাইকে দেখে নেবেন।
সেন্সর বোর্ডের সভাপতি প্রসুন যোশি ‘মনিকর্নিকা’র সঙ্গে যুক্ত আছেন ঘনিষ্ঠভাবে। সিনেমাটির সংলাপ ও গান লিখেছেন তিনি। শুক্রবার রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের জন্য বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করা হয় রাষ্ট্রপতি ভবনে।
ঝাঁসির রানির জীবন ও ব্রিটিশবিরোধী ভূমিকা নিয়ে ‘মনিকর্নিকা’ নির্মিত হয়েছে। আরও অভিনয় করেছেন অঙ্কিতা লেখান্দে, অতুল কুলকার্নি, সুরেশ ওবেরয় ও যিশু সেনগুপ্তসহ অনেকে। মুক্তি পাবে ২৫ জানুয়ারি।