সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

অনেক দিন নতুন কোনো আলোচনায় নেই সোনাক্ষী সিনহা। চুক্তির শর্ত না মানায় এবার আইনি নোটিশ পেলেন নায়িকা।  

আনন্দবাজার পত্রিকা জানায়, মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠান না করার অভিযোগ উঠেছে এ বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে।

মাস খানেক আগে এক ব্যক্তি পুলিশে অভিযোগ করেন, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্য সোনাক্ষীকে চুক্তি অনুযায়ী ২৮ লাখ রুপি দিয়েছিলেন তিনি। কিন্তু চুক্তির শর্ত মানেননি সোনাক্ষী। ওই অনুষ্ঠানে পারফর্ম করেননি।

ওই ব্যক্তির অভিযোগ, ২৮ লাখের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ দেন নয় লাখ রুপি। সব টাকা আগাম মিটিয়ে দিলেও পারফর্ম করেননি বলে অভিযোগ সোনাক্ষীর বিরুদ্ধে। নিজের সোশ্যাল মিডিয়ায় ওই শো প্রচার করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। সে প্রতিশ্রুতিও পালন করেননি। তাই প্রতারণার অভিযোগে আইনি নোটিশ দিলেন।

ওই অনুষ্ঠানে সোনাক্ষী পারফর্ম করবেন না জেনে উপস্থিত দর্শক ভাঙচুর চালিয়েছিলেন বলেও অভিযোগে জানানো হয়।

সম্প্রতি মোরাদাবাদ পুলিশের তরফে এই মর্মে সোনাক্ষীর কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তারও কোনো জবাব আসেনি।

সোনাক্ষীর হাতে বর্তমানে রয়েছে কলঙ্ক, টোটাল ধামাল, মিশন মঙ্গল ও দাবাং থ্রিসহ বেশ কয়েকটি সিনেমা।