মাহথিরকে ‘ক্ষিপ্ত ইহুদিবিদ্বেষী’ বলল ইসরায়েল

প্যারা অলিম্পিকের বাছাই পর্বে অংশ নিতে ভিসা না দেয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদকে ‘ক্ষিপ্ত ইহুদিবিদ্বেষী’ বলে ক্ষোভ ঝেড়েছে ইসরায়েল।

দুই মাস চেষ্টা করেও মালয়েশিয়ার ভিসা জোগাড় করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্যারা অলিম্পিক সাঁতার দল। জুলাইয়ে মালয়েশিয়ায় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

বুধবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ জানান, ইসরায়েল অথবা তাদের কোনো প্রতিনিধিদের নিয়ে কোনো আসর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে না।

মালয়েশিয়ার এমন সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশোন। এতটুকু বলেই থামেননি তিনি। মালয়েশিয়ার কিংবদন্তি নেতা মাহথির মোহাম্মদেরও তুমুল সমালোচনা করেন, ‘মালয়েশিয়া তাদের ক্ষিপ্ত ইহুদিবিদ্বেষী প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদের উৎসাহে এমন সিদ্ধান্ত নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটি লজ্জাজনক ঘটনা। অলিম্পিকের চেতনার সঙ্গে কোনোভাবে যায় না।’

এই সপ্তাহে মাহথির বলেন, ‘আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি মালয়েশিয়ায় এই আসর আয়োজন করতে না চাইলে কোনো সমস্যা নেই। তারা সেটা করতেই পারে। তবু আমরা ইসরায়েলকে ভিসা দেব না।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের। এর আগে ২০১৫ সালেও একবার ইসরায়েলের খেলোয়াড়দের তারা ভিসা না দেয়ার সিদ্ধান্ত নেয়।