ট্রাকে করে পাহাড় থেকে লক্ষ্মীপুরে মেছোবাঘের শাবকটি!

লক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছোবাঘের শাবক উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের জাভেদ আলী ব্যাপারী বাড়ি থেকে শাবকটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, পার্বত্য কোনো জেলা থেকে আগত মালবাহী ট্রাকে চড়ে এ এলাকায় চলে আসে শাবকটি। স্থানীয়রা জানান, দুই-তিন বছর আগে গাছের গুঁড়ি নিয়ে আসার ট্রাকে পার্বত্য এলাকা থেকে একটি বাগডাশ চলে এসেছিল।

তারা জানান, এ এলাকায় মেছোবাঘ আগে কখনো দেখা যায়নি।

সূত্র জানায়, কয়েক দিন আগে বিরল প্রজাতির এ প্রাণীকে আটক করে স্থানীয়রা। পরে শাবকটিকে খাঁচায় বন্দী করে রেখে বিভিন্ন ধরনের মাংস খেতে দেওয়া হয়। এলাকার মানুষজন বিরল এই প্রাণীকে দেখতে ভিড় জমায়।

শুক্রবার বিকেলে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বনবিভাগের লোকজন শাবকটি উদ্ধার করে। চিহ্নিত করা হয় এটি একটি মেছোবাঘের শাবক।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি বলেন, লক্ষ্মীপুর পৌরসভার একটি বাড়ি থেকে বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার করা হয়েছে। বনবিভাগ প্রাণীটিকে মেছোবাঘ বলে শনাক্ত করেছেন। এর ওজন দুই থেকে তিন কেজি হবে।

বনবিভাগের তত্ত্বাবধানে মেছোবাঘের শাবকটি ফেনীর বিলুনিয়া পার্কে স্থানান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।