ভোট ডাকাতি করে কেউ পার পাবে না: কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মহাডাকাতি। এসব করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-৬ আসনের নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

কামাল হোসেন বলেন, নির্বাচনের নামে সম্পূর্ণভাবে শুধু প্রহসন নয়, সারা দেশে ভোট মহাডাকাতি হয়েছে। একজনও বলে নাই এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। রাষ্ট্রকে হাইজ্যাক করে জনগণের ভোটাধিকার হাইজ্যাক করেছে।

দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহতেরও ঘোষণা দেন তিনি। পাশাপাশি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরকারকে সরে যাওয়ার আহ্বান জানান ড. কামাল।

‘বঙ্গবন্ধু ও তার সহকর্মী যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের অসম্মান ও অবমাননা করা হচ্ছে’- এমন দাবি করে তিনি বলেন, সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে, এটা হতে দেওয়া হবে না। এসব করে কেউ পার পায়নি।

‘শাসক দল হাজার হাজার কোটি টাকা ডাকাতি করেছে’ অভিযোগ করে কামাল হোসেন বলেছেন, স্বাধীন দেশের মানুষকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। এই অসহায় অবস্থা সাময়িক। মানুষ সংঘবদ্ধ হচ্ছে জানিয়ে তিনি বলেন, শোষকদের বারবার শিক্ষা দেওয়া হয়েছে।

যারা শোষণ করছে ও জনগণের সম্পদ লুট করছে তাদের উদ্দেশে কামাল হোসেন বলেন, তারা যেন দ্রুত এসব থেকে বিরত থেকে লুণ্ঠিত সম্পদ মানুষকে বুঝিয়ে দিয়ে সরে পড়ে। 

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। ২০১৪ সালে শেখ হাসিনা গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়েছিলেন। আর এবার গণতন্ত্রকে লাশ করে দিয়েছেন বলে অভিযোগ করেন সুব্রত চৌধুরী।