কলম্বিয়ার পুলিশ একাডেমিতে বোমা হামলা নিহত ২১

কলম্বিয়ার রাজধানী বোগোটার পুলিশ একাডেমিতে গত বৃহস্পতিবার এক ভয়াবহ ট্রাকবোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে। দেশটিতে গত ১৬ বছরের মধ্যে এই হামলাকে সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা বলা হচ্ছে। দেশটির সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

বোগোটা কর্র্তৃপক্ষ জানিয়েছে, তারা হামলাকারীর পরিচয় জানতে পেরেছে এবং হামলাকারীর সঙ্গে কোনো পরিচিত গেরিলা দলের সংযোগ নেই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৮০ কিলোগ্রাম বিস্ফোরকবাহী একটি ট্রাকে করে এই হামলা চালানো হয়। এক বিবৃতিতে কলম্বিয়া পুলিশ জানায়, ‘দুর্ভাগ্যবশত এই হামলায় ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। এছাড়া আহত হয়েছে ৬৮ জন, তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ দেশটির প্রেসিডেন্ট ইভান দুকিউ এক টুইটবার্তায় বলেছেন, কলম্বিয়ার জনগণ সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করেছে এবং একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াইয়ে বদ্ধপরিকর।