শেরপুরের শ্রীবরদীতে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মেয়ের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মা মালেহা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবর শুনে গতকাল শুক্রবার সকালে মেয়ে হুশেয়ারা (৩৫) ওই হাসপাতালে মারা যান। মা ও মেয়ে উভয়েই উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মালেহা বেগম দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাজনিত কারণে তিনি বেশ কয়েক দিন আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অপরদিকে একই হাসপাতালে মালেহা বেগমের গর্ভবতী মেয়ে হুশেয়ারা সিজারের উদ্দেশ্যে ভর্তি হন। মাত্র ছয় দিন আগে সিজারের মাধ্যমে হুশেয়ারার সন্তান হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মালেহা বেগম ওই হাসপাতালে মারা যান। মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মেয়েও শুক্রবার সকালে কান্নারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ একই হাসপাতালে মারা যান।