এলজির ফোনে দুই স্ক্রিন

এক ফোনে দুই স্ক্রিনের সুবিধাসহ নতুন একটি ফোন সামনের মাসেই বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এই প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর দিয়েছে সিএনইটি।

ওই ব্যক্তির নাম প্রকাশ না করে ওয়েবসাইটটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফোনটি ভাঁজ করা যাবে না। বরং দুই স্ক্রিন দুই খাপে সংযুক্ত থাকবে।

সামনের মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ট্রেডে এই ফোনটি প্রদর্শন করবে এলজি। নাম এখনো চূড়ান্ত করা হয়নি। ডিভাইসের ধরন জি৮ ঘরানার হতে পারে।

ফোনের বাজারে এলজি বেশ কয়েক বছর ধরে ধুঁকছে। টিকে থাকতে নানা চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা বলছেন, দুই স্ক্রিনের ফোন সেই প্রচেষ্টারই অংশ। এর আগে ২০১৭ সালে দুই ডিসপ্লের নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেয় এলজি। ভি৩০ মডেলের ফোনে রিয়ার ক্যামেরার দুটি সেন্সরের একটিতে ১ দশমিক ৬ অ্যাপার্চার এবং ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৩৫১ এক্সমর আরএস সেন্সর ব্যবহৃত হয়েছে, যা ১ মাইক্রন পিক্সেলসমৃদ্ধ।

১৩ মেগাপিক্সেলের দ্বিতীয় সেন্সরটি (১২০ ডিগ্রি ফিল্ড ভিউ) ১ দশমিক ৯ অ্যাপার্চার বিশিষ্ট। ফোনটিতে দুই স্তরের অটো ফোকাস, ওআইএস, ৪-কে রেকর্ডিংসহ সব সুবিধাই দেওয়া আছে। এর সেলফি ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ২ দশমিক ২ অ্যাপার্চার বিশিষ্ট এবং ১ দশমিক ১২ মাইক্রনপিক্সেলের পাঁচ মেগাপিক্সেল বিএসআই সেন্সর।

ভি৩০-কে ছাপিয়ে এলজির নতুন ফোনে কতটুকু নতুনত্ব আসে, সেটিই দেখার বিষয়।