সীমান্ত নিরাপত্তায় স্মার্ট ডিজিটাল বর্ডার সার্ভিল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম প্রযুক্তি স্থাপন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক, অবৈধ অস্ত্র, মানবপাচার প্রতিরোধ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাস দমন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই প্রযুক্তি ব্যবহার হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি। বিজিবি জানায়, সীমান্তবর্তী প্রায় ১১৩ কিলোমিটার এলাকায় সার্ভিল্যান্স সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। আরও ৯৬ কিলোমিটারে স্থাপনের জন্য ৩৬০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু নাছের ভূঁঞা স্বাক্ষরিত একটি চিঠি এরই মধ্যে অর্থ সচিব আবদুর রউফ তালুকদারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে ২০১৬-১৭ অর্থবছর হতে বিজিবি কর্র্তৃক স্পর্শকাতর সীমান্ত এলাকায় স্মার্ট ডিজিটাল বর্ডার সার্ভিল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন শুরু হয়েছে। এরমধ্যে যশোরের পুটখালী ও কক্সবাজারের টেকনাফ সীমান্তের বেশকিছু এলাকায় সার্ভিল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে।