সংবর্ধনা অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

আপনাদের মাথা নিচু হয় এমন কাজ আমি করব না

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। উন্নয়নের কোনো  বিকল্প নেই। আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশ বহুগুণ এগিয়ে যাবে। আসুন সবাই মিলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি। আমার এই সততা ধরে রাখতে সকলের সহযোগিতা চাই। কথা দিলাম আপনাদের মাথা নিচু হয় এমন কাজ আমি করব না।’

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কোরিয়ান ইপিজেড গেটসংলগ্ন মাঠে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নির্বাচনী এলাকার জনগণের দেওয়া এ সংবর্ধনাকে জীবনের সর্বশ্রেষ্ঠ সংবর্ধনা অভিহিত করে তিনি দক্ষিণ চট্টগ্রামের মানুষকে তা উৎসর্গ করেন।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাংসদ সামশুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি আবুল কালাম চৌধুরী, অ্যাডভোকেট জসিম উদ্দিন খান, জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের দুই সাধারণ সম্পাদক এম এ মালেক ও হায়দার আলী রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব প্রমুখ।

নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ মন্ত্রণালয় থেকে আমি ব্যর্থতা নিয়ে যেতে চাই না, সম্মান নিয়ে যেতে চাই। কারণ জবাবদিহিতা জনগণের কাছে। যে-কেউ প্রশ্ন করলে যেন জবাবদিহি করতে পারি। দলমত-নির্বিশেষে সবার জন্য মন্ত্রণালয়ের দরজা খোলা থাকবে।’