ফেনীর সোনাগাজীতে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলো চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের শাহাদাত হোসেন জুয়েল (২২) ও মাছিমপুর গ্রামের আবদুল হাকিম রিয়াদ (২৪)। গতকাল শুক্রবার সকালে চরগোপালগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সোনাগাজী সরকারি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে গত বৃহস্পতিবার দুপুরে কলেজ রোড থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ওইদিনই চারজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেন।
পরে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে চরগোপালগাঁও গ্রামের আবু ইউছুপ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি মোয়াজ্জেম।