‘কলঙ্কিত নির্বাচনের পর বিজয় উৎসব জাতির সঙ্গে প্রহসন’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কলঙ্কিত আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের এই বিজয় উৎসব (সমাবেশ) জাতির সঙ্গে প্রহসন।

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকীতে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শনিবার সকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বর একটি কলঙ্কিত নির্বাচন করার পর আজ (শনিবার) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে তারা বিজয় উৎসব (সমাবেশ) করছে। এটা জাতির সঙ্গে প্রতারণা, প্রহসন।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে জিয়াউর রহমান সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড উন্মুক্ত করে দিয়েছিলেন এবং গণতন্ত্রকে মুক্ত করেছিলেন, তার জন্মদিনেই আওয়ামী লীগ আজকে এ ধরনের কর্মসূচি পালন করছে।’

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন উপলক্ষে আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করছে আওয়ামী লীগ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা শপথ নিয়েছি দেশের গণতন্ত্র মুক্ত করব, খালেদা জিয়াকে মুক্ত করব।’

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট, ২০-দলীয় জোট এবং বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ আছে।’