সাংবাদিককে ‘খামোশ’ বললেন শত্রুঘ্ন সিনহা

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি) আয়োজিত বিগ্রেড প্যারেড গ্রাউন্ডের র‌্যালিতে অংশ নিতে শুক্রবার কলকাতায় পা রাখেন অভিনেতা ও বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। সেখানে বিরোধপূর্ণ অযোধ্যা রাম মন্দির প্রশ্নে সাংবাদিককে বললেন, খামোশ (চুপ)।

এনডিটিভি জানায়, এর পর আর কিছু না বলেই হাঁটতে শুরু করেন তিনি।

এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কি-না প্রশ্নে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন শত্রুঘ্ন।

তার ভাষ্যে, মমতা সত্যিকারভাবে একজন জাতীয় নেতা। তিনি পরীক্ষিত ও অভিজ্ঞ নেতা। তবে জনগণই ঠিক করবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন।

বলিউড তারকা থেকে রাজনীতিতে সক্রিয় হওয়া শত্রুঘ্ন মনে করেন, এবারের ভারতীয় সাধারণ নির্বাচন খুবই চমকপ্রদ কিছু হবে। যারা জনগণের জন্য কাজ করেছেন তাদেরই বেছে নেওয়া হবে।

তিনি আরও জানান, কলকাতায় বিজেপি’র নেতা হিসেবে আসেননি। যশোবন্ত সিংয়ের নেতৃত্বে রাষ্ট্র মঞ্চে যোগ দিতে এসেছেন।

ইতিমধ্যে র‌্যালিতে যোগ দিয়েছেন এইচ ডি দেবগৌড়া, শরদ পওয়ার, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লাহ, শরদ যাদব, চন্দ্রবাবু নাইডু, কুমারস্বামী, এম কে স্ট্যালিন, গেগং আপাং, হেমন্ত সোরেন, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী টি আর বালুসহ অনেকে। যোগ দেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দলের পক্ষ এসেছেন মালিকার্জুন খাড়গে।