স্প্যানিশ কাপ তথা কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের শেষ আটে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে সেভিয়াকে পেয়েছে বার্সেলোনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শেষ আটে জিরোনোর মুখোমুখি হবে।
প্রতিযোগিতাটির গত আসরের ফাইনালেও সেভিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচটি ৫-০ গোলে জিতে টানা চতুর্থবারের মতো শিরোপাটি নিজেদের করে নিয়েছিল এরনেস্তো ভালভেরদের দল।
চলতি সপ্তাহে সেভিয়ার মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ খেলতে নামবে বার্সেলোনা। পরের সপ্তাহে কাম্প নউয়ে হবে ফিরতি লেগ।
শেষ ষোলোয় অনেকটা অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল প্রতিযোগিতাটির সর্বোচ্চ ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। লেভান্তের মাঠে প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল তারা। কিন্তু ঘরের মাঠে ফিরতি লেগে ৩-০ গোলের জয় নিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালের নিশ্চিত করে কাতালান ক্লাবটি।
কোয়ার্টার-ফাইনালের অপর দুই ম্যাচে ভালেন্সিয়ার সঙ্গে মুখোমুখি হবে গেতাফে; রিয়াল বেতিসের মুখোমুখি হবে এস্পানিওল।