আজিজের কাছে সরি বলিনি, আমার দেখানো পথেই হাঁটছেন শাকিব খান: ফেরদৌস

যৌথ প্রযোজনা ইস্যুতে আবারও সরগরম হয়ে উঠছে ঢালিউড। ১৯ জানুয়ারি নায়ক বাপ্পি চৌধুরীর প্রকাশ্যে ক্ষমা চেয়ে যৌথ প্রযোজনার ছবির পক্ষে ফেরার পর থেকে এই বিষয়টি আবারও আলোচনার টেবিলে উঠে। যৌথ প্রযোজনায় সবচেয়ে বেশি ছবি নির্মাণ করা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কাছে ক্ষমা চান বাপ্পি। আব্দুল আজিজও বাপ্পিকে ক্ষমা করে দিয়েছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন। বাপ্পি চৌধুরীর ভুল বোঝা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল আজিজ বলেন, ‘শুধু বাপ্পি নয়, রিয়াজ, ফেরদৌস, পপিসহ আরও অনেকে আমাকে তাদের ভুল বোঝার কথা বলেছেন। পারসোনালি সরি বলেছেন। আমিও তাদের বলেছি এসব আমি মনে রাখতে  চাই না। আমিও তাদের ক্ষমা করে দিয়েছি।’

আব্দুল আজিজের এই মন্তব্য সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। দেশ রূপান্তরকে ফেরদৌস বলেন, ‘না না কখনোই আমি সরি বলিনি। আমি কারও কাছে সরি বলিনি। সরি বলার প্রশ্নই উঠে না। আর আমি কখনোই যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করিনি। সে সময় আমি কথা বলেছি যৌথ প্রযোজনায় যে অনিয়ম হয় তার বিরুদ্ধে। অনিয়মের বিরুদ্ধে আমার অবস্থান ছিল।’

ফেরদৌস আরও বলেন, ‘আব্দুল আজিজ বলেছেন আমরা ভুল বুঝতে পেরেছি। ভুল বোঝার এখানে কোনো কারণ নেই। তখনকার অবস্থান থেকে আমি সরে আসিনি। আমি তখনো চেয়েছি নিয়ম মেনে যৌথ প্রযোজনার ছবি নির্মিত হোক। এখনো চাই নিয়ম মেনে ছবি নির্মিত হোক। কেউ যেন টাউটারি, বাটপারি করে ছবি নির্মাণ করতে না পারে সেই বিষয়ে তখন কথা বলেছি। আমার অবস্থান এখনো একই আছে।’

আব্দুল আজিজের প্রসঙ্গ টেনে ফেরদৌস বলেন, ‘আব্দুল আজিজ আমার ভালো বন্ধু। তাদের সঙ্গে আমি দুটি ছবিও করেছি। তিনি ভালো ভালো ছবি বানান । সেটাকে আমি সাপোর্ট করি। সে যদি কখনো ভণ্ডামি করে তখন সেটা সাপোর্ট করব না।’

তিনি আরও বলেন, ‘আমি জাজ চলচ্চিত্রে আসার আগে থেকে যৌথ প্রযোজনার ছবি করি। আমিই একমাত্র বাংলাদেশি নায়ক যে কলকাতায় সবচেয়ে বেশি ছবি করেছে। সবচেয়ে বেশি যৌথ প্রযোজনার ছবি আমিই করেছি।’

শাকিব খানের প্রসঙ্গ টেনে ফেরদৌস বলেন, ‘আজ শাকিব খানরা যৌথ প্রযোজনায় ছবি করছে। কলকাতার ছবি করছে। যৌথ প্রযোজনার এই রাস্তা আমিই তৈরি করেছি। আমার দেখানো পথেই আজ শাকিব খানরা হাঁটছেন।’

যৌথ নীতিমালা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘সরকার যৌথ প্রযোজনার যে নিয়ম করবেন সেই নিয়মেই সবাইকে ছবি বানাতে হবে। এটা তো আর আজিজের জন্য একা না। একা সবার জন্যই প্রযোজ্য। দিন শেষে আমি চাই, নিয়ম মেনে ছবি হোক।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ জুন যৌথ প্রযোজনার নামে ‘প্রতারণা’ বন্ধের দাবি জানিয়ে ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’এর ব্যানারে- মাঠে নামেন বাংলাদেশের অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। বর্তমান সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের নেতৃত্বে সেই আন্দোলনে বাপ্পি সাইমনসহ জনপ্রিয় তারকারা অংশ নেন। যৌথ প্রযোজনায় সবচেয়ে বেশি ছবি নির্মাণ  করেছে  জাজ মাল্টিমিডিয়া। ফলে এই আন্দোলন মূলত জাজের বিরুদ্ধেই ছিল।