জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার নিয়ে মিয়ানমার অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। জাতিসংঘ সেখানে যে সুবিধা চেয়েছিল তা পাচ্ছে না। তিনি বলেন, পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে সে বিষয়ে নিরাপত্তা পরিষদও কিছুটা সিদ্ধান্তহীনতায়।
গুতেরেস বলেন, এমন হলে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক আরো অবনতি ঘটবে। চরম দুর্ভোগের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ যেভাবে আশ্রয় দিয়েছে তার সমাধান হওয়া দরকার।
শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুতেরেস এ কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারের ডি ফ্যাক্টো অং সান সুচির সঙ্গে আমরা কথা বলেছি আগেও। এখনো বলতে চাই, দ্রুত প্রত্যাবাসন করুন। অনেক সময় পেরিয়ে গেছে। প্রত্যাবাসন মুখে বললেই হবে না, এতে অবশ্যই আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, এটা শুধু ‘ফিজিক্যাল’ পুনর্গঠনের বিষয় নয়। এটা হলো সম্প্রদায়ের মধ্যে একটি পুনর্জাগরণের বিষয়। সরকারের শক্তিশালী প্রতিশ্রুতির বিষয়, সম্প্রদায়গুলোর মধ্যে যতটা সম্ভব পুনরেকত্রীকরণ ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি খেয়াল রাখতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় সত্য হলো, পরিস্থিতি যেমন হওয়ার কথা ছিল এখনো তেমন নয়। সবকিছু চলছে খুবই ধীর গতিতে। যদি এই সমস্যার মূল কারণ সমাধান করতে ব্যর্থ হন তাহলে সহিংসতা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং মিয়ানমারে সম্প্রতি এমন আচরণ আমরা দেখেছি।
আমরা চাই এমন একটি পরিবেশ সৃষ্টি করতে যাতে তারা স্বেচ্ছায় ফিরে যান। এ ক্ষেত্রে প্রথম যে পদক্ষেপ হওয়া উচিত অবশ্যই তা হলো অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের সমস্যা সমাধান। এসব মানুষের সমস্যার বিশ্বাসযোগ্য সমাধান দেওয়ার ফলেই ভবিষ্যতের পথ সুগম হবে।