চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়ে ভিক্টোরি জুট মিলে গত শুক্রবারের অগ্নিকা- তদন্তে রাতেই পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশহুদুল কবির। অন্য সদস্যরা হলেন : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পঙ্কজ বড়–য়া, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ মঞ্জু এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। কমিটি তিন দিনে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিটির সদস্য জসিম উদ্দিন। ২০০৬ সালে বন্ধ হয়ে যায় ইস্পাহানি শিল্পগোষ্ঠীর ‘ভিক্টোরি জুট প্রোডাক্টস লিমিটেড’ মিলটির কার্যক্রম। কয়েকটি বড় কোম্পানি ওই স্থাপনার বিভিন্ন অংশ ভাড়া নিয়ে গুদাম হিসেবে ব্যবহার করছিল। গত শুক্রবার পুরনো ভবনের যে অংশে আগুন লাগে সেখানে ইউনিলিভার, আরএফএল কোম্পানির পণ্য ছিল।